আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ৫ জুন পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘোষণা দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়। দুই পবিত্র মসজিদ (মসজিদুল হারাম ও মসজিদে নববী) হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
সাধারণত জিলহজ মাসের ৯ তারিখে আরাফার ময়দানে হাজিরা সমবেত হন। ওইদিন হজের আনুষ্ঠানিকতার মূল পর্ব অনুষ্ঠিত হয়। দিনটিকে ‘ইওয়ামুল আরাফাহ’ তথা ‘আরাফাহ দিবস’ বা হজের দিন বলা হয়। এ দিন হজ শেষে পরের দিন পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়।
অর্থাৎ এ বছর সৌদি আরবে ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। সেই হিসেবে বাংলাদেশে এবার আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র হজ ৫ জুন
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশগুলোতে আগামী ৬ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)- ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দেশটিতে আগামীকাল বুধবার (২৮ মে) হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন।
অন্যদিকে এশিয়ার অন্যতম মুসলিম প্রধান দেশ মালয়েশিয়ায় পবিত্র জিলহজ বা ঈদুল আজহার চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে জিলহজের চাঁদের অনুসন্ধান করা হয়। কিন্তু আকাশের কোথাও চাঁদের দেখা না মেলায় ঘোষণা দেওয়া হয়, এ বছরের জিলকদ মাসটি ৩০ দিন পূর্ণ করবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার উদযাপিত হবে ঈদুল আজহা।