ডেস্ক রিপোর্ট : সিলেটে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এয়ারপোর্ট থানার নতুনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাঁদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিদের পরিচয় সৈয়দ আব্দুল্লাহ আল-মাসুদ (২৫): সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি (পিতা: সৈয়দ মকসুদ হোসেন, গ্রাম: লালবাগ বাছাটিলা, এয়ারপোর্ট থানা),আব্দুল কাদির বাপ্পি (২২): মহানগর ছাত্রলীগের উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক উপসম্পাদক (পিতা: মফিজ মিয়া, গ্রাম: ধোপাগুল, এয়ারপোর্ট থানা)মো. সৈয়দ শাকীব (২৫): ছাত্রলীগের সক্রিয় কর্মী (পিতা: সৈয়দ মাহবুবুর রহমান, গ্রাম: বড়শলা, এয়ারপোর্ট থানা) মো. জাহেদ (২৩): ছাত্রলীগ কর্মী (পিতা: মৃত ছানা মিয়া, গ্রাম: ব্রাহ্মণবাজার, কুলাউড়া, মৌলভীবাজার; বর্তমান ঠিকানা: খাসদবীর, সিলেট)
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর রাত ৩টা ১০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়ন পরিষদের সামনে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা 'সাদাপাথর এক্সপ্রেস'-এর দুটি বাসের পেছনের টায়ারে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দিয়েই তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এয়ারপোর্ট থারার পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন গ্রুপে যুক্ত ছিলেন।
এসব গ্রুপের মাধ্যমেই তাঁরা সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা ও কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।