জামালপুরের মাদারগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম বাস্তবায়নে সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার গাবের গ্রাম চৌরাস্তা মোড় সংলগ্ন একটি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিসিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শেখ আল আমিন, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ মৌসুমে একটি প্রজননক্ষম ইলিশ ১৮ থেকে ২২ লাখ ডিম দেয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ সময়ে সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।
বক্তারা সকল জেলে ভাইদের এ মৌসুমে ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।