খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় কোম্পানির বিভিন্ন মডেলের ৬০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দসহ চোরাকারবারির তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে মাটিরাঙ্গা শান্তি বাস কাউন্টারের সামনে থেকে এসব ফোন উদ্ধারসহ চোরাকারবারির তিন সদস্যকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন তথ্যে অনুযায়ী মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষণিক পুলিশ দেখতে পেয়ে চোরাকারবারি সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ভিভো, রেডমি, অপ্পো ও রিয়েলমিসহ বিভিন্ন কোম্পানির ৬০টি ভারতীয় ফোন জব্দ করা হয়। জব্দকৃত এসব ফোনের বর্তমান বাজার মূল্য ১০ লাখ ৪৮ হাজার টাকা।
আটককৃত তিনজন হলেন- আব্দুর রহিম (৩২), পিতা কবির আহাম্মদ, সাং পশ্চিম সাম্বল (সন্ধিপাড়া) বাঁশখালী, চট্টগ্রাম। ইমাম হোসেন (২৭) ও বেলাল হোসেন (২৯), পিতা আব্দুর রশিদ, সাং দক্ষিণ শান্তিপুর, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নববার্তাকে জানান, এ ঘটনায় আটককৃত তিন চোরাকারবারির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা যে কোনো পণ্য দেশে প্রবেশ করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর দৈনিক নববার্তাকে জানান, যেকোনো মূল্যে চোরাকারবারিদের লাগাম টেনে ধরা হবে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য,ও অবৈধ পন্য নিয়ন্ত্রণ রোধে পুলিশ সর্বদায় সতর্ক অবস্থায় রয়েছে।