কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক

কন্যা সন্তানের বাবা হলেন মুশফিক। দ্বিতীয় সন্তানের মুখ দেখতে এশিয়া কাপ চলাকালীন দেশে ফিরে এসেছিলেন মুশফিকুর রহিম। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় এই ক্রিকেটার।

সোমবার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুশফিকুর রহিম। জানা গেছে, ফুটফুটে কন্যা সন্তানের জনক হয়েছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি প্রথম সন্তানের বাবা হয়েছিলেন মুশফিক।

সন্তান ও মায়ের জন্য দোয়া চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন মুশফিক। ছবিতে মুশফিকের প্রথম সন্তান মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।
সন্তানের বিষয়ে মুশফিকুর রহিমের ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন। মা এবং শিশু উভয়েই পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের জন্য সকলে দোয়া করবেন।’

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই ম্যাচের আগে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে মুশফিকের।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *