মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আজ।

শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে বৈঠকটি শুরু হবে।

বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, লন্ডনে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠকে মিলিত হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। নির্বাচনের সময় পুননির্ধারণ, সংস্কারসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাদের আলোচনা হতে পারে।

শফিকুল আলম বলেন, ভবিষ্যত বাংলাদেশের জন্য এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা ও সরকার ও অন্যান্য দলের টানাপোড়েনের মধ্যে এই বৈঠক ঘিরে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, আজকের এই বৈঠকে সবচেয়ে গুরুত্ব পাবে নির্বাচন। এরপর রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সংস্কার, বিচার, জুলাই সনদসহ নানা বিষয়। বৈঠকটির মধ্য দিয়ে সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হতে পারে বলে মনে করেন তারা।

ড. ইউনূসের সঙ্গে লন্ডনে অনুষ্ঠিতব্য তারেক রহমানের বৈঠককে এ সময়ের সবচেয়ে বড় ‘পলিটিক্যাল ইভেন্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক সুযোগ তৈরি হতে পারে এ বৈঠকে। অনেক সমস্যার সমাধানও হতে পারে। অনেক কিছু সহজ হয়ে যেতে পারে। নতুন ‘ডাইমেনশন’ তৈরি হতে পারে এ বৈঠকে। নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। এক কথায় সম্ভাবনা অনেক। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করেছি। আশা করছি বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতিতে সুবাতাস আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, গোটা জাতি এখন লন্ডনের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, এটি হবে একটি ঐতিহাসিক বৈঠক এবং এ বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে। যৌক্তিক সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আলোচনার মধ্য দিয়ে নির্বাচনসহ সব সমস্যার সমাধান সম্ভব।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *