বেগম খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাবে। শুক্রবার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। যদিও বিমানটি জার্মানির একটি কোম্পানির, তবে এর ভাড়া, ব্যবস্থাপনা, প্রক্রিয়া—সব খরচই বহন করছে কাতার সরকার। অবতরণের জন্য প্রয়োজনীয় সব অনুমতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বৃহস্পতিবার কাতার দূতাবাস জানিয়েছিল, চিকিৎসকদের সম্মতি পেলেই কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওয়ানা দেবে। তবে শুক্রবার সকালে দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান হালনাগাদ তথ্য দিয়ে জানান, বিমানটি শনিবার বিকেল ৫টায় ঢাকায় আসবে এবং রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা ছাড়বে।

অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রংপুরে জানান, “এয়ারক্রাফ্ট নিয়ে কিছু জটিলতার কারণে আজ নেওয়া হচ্ছে না বেগম খালেদা জিয়াকে। এক-আধদিন দেরি হতে পারে।”

সর্বশেষ তথ্য অনুযায়ী, বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার, এবং সম্পূর্ণ ব্যয়ও কাতারই বহন করবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ নির্ভর করবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও হাসপাতালে চিকিৎসারত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শুক্রবার সকালে বলেন, কারিগরি ত্রুটির কারণে কাতার এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না, এটি শনিবারই পৌঁছাতে পারে।

এদিকে খালেদা জিয়ার বিদেশ যাত্রার ঠিক আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থা উপযুক্ত হলে এবং চিকিৎসকরা সম্মতি দিলে বেগম খালেদা জিয়া রবিবার উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *