শক্তিশালী বীর বিক্রম ইয়ামিনকে হারালো ইয়ুথ সেন্টার

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা স্টেডিয়ামে চলমান ‘পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬’-এ দাপুটে জয় পেয়েছে ইয়ুথ সেন্টার ক্লাব। সোমবারের ম্যাচে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেল দলটি। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ইয়ুথ সেন্টার।

এদিন টসে জিতে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রকে ব্যাটিংয়ে পাঠান ইয়ুথ সেন্টারের অধিনায়ক। সিদ্ধান্তটি যে সঠিক ছিল, তা প্রমাণ করেন বোলার শামিম। তার বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে মাত্র ৪০ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় বীর বিক্রম ইয়ামিনের ইনিংস। দলের পক্ষে ইমন ৩৭ ও শাকিল ২৮ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বাকিরা ছিলেন ব্যর্থ। ইয়ুথ সেন্টারের শামিম একাই নেন ৪টি উইকেট। এছাড়া আমিনুল ৩টি এবং রাতুল ২টি উইকেট শিকার করেন।

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ইয়ুথ সেন্টার ক্লাব। ওপেনার লিমন তালুকদারের দায়িত্বশীল হাফ-সেঞ্চুরিতে জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। লিমন ৭০ বলে ৫৬ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দেন দিপন, যার ব্যাট থেকে আসে ৪৪ রান। ফলশ্রুতিতে মাত্র ২৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়ুথ সেন্টার। বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের হয়ে সাদমান ২টি উইকেট নিলেও তা পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে বিজয়ী দলের লিমন তালুকদারকে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। তার হাতে পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুমাত নুরী চৌধুরী জুয়েল। তিনি উদীয়মান ক্রিকেটারদের এমন নজরকাড়া পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন।

পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র অনুযায়ী, টানা দুই ম্যাচ জিতে যৌথভাবে শীর্ষে রয়েছে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র, জীম খানা ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবারের হারের ফলে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এখন তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে।

ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন নাজমুল ইসলাম পলাশ ও মো. জাকির আলম। অনলাইন স্কোরারের দায়িত্বে ছিলেন ওমর ফারুক শিপন ও তাসলিমুল ইসলাম।
সিলেট জেলা ক্রীড়াসংস্থার আয়োজনে এবং পেনহিল লজিস্টিকসের পৃষ্ঠপোষকতায় ১০টি ক্লাবের অংশগ্রহণে এই লীগটি পরিচালিত হচ্ছে। টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা হাসপাতাল সিলেট ও স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মাহা’।

সিলেটের ক্রিকেট উন্মাদনা আরও বাড়িয়ে দিতে প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের আপামর জনসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার খন্দকার রাজিন সালেহ আলম এবং সম্পাদক কবির আহমদ।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *