সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোর করে ওষুধ সেবন, স্বামী-সতীনের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক রিপোর্ট : সিলেটে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণ ঘটানো এবং গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তানজিদা সুলতানা (২৬)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে এসব অভিযোগ তুলে ধরেন তানজিদা।

লিখিত অভিযোগে তিনি জানান, গত বছরের ২ জানুয়ারি প্রথম স্ত্রীর সম্মতিতে ইসলামী শরিয়াহ অনুযায়ী মামুন সৌরভের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়েতে পাঁচ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। বিয়ের পর থেকে তাঁরা সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন শ্যামলী আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তানজিদার অভিযোগ, বিয়ের পর স্বামীকে তাঁকে নিজের বাড়িতে তুলে নেওয়ার কথা বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন মামুন সৌরভ। এরই মধ্যে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা হন।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তার শ্যামলীর ভাড়া বাসায় গিয়ে তাঁকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় দুজন মিলে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ওষুধ সেবন করান। এ সময় তাঁকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তানজিদা। জোর করে ওষুধ খাওয়ানোর পর তাঁর রক্তক্ষরণ শুরু হয় বলে দাবি করেন তিনি।

তানজিদা আরও অভিযোগ করেন, ঘটনার পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে থানায় বা আদালতে মামলা করলে তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেন অভিযুক্তরা।

পরে আশপাশের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট উইমেন্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দেন। চিকিৎসা শেষে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তানজিদা।

এ অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে স্বামী মামুন সৌরভ ও তাঁর প্রথম স্ত্রী মুক্তা আক্তারের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তানজিদা সুলতানা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *