জোহানেসবার্গে বহুতল ভবনে আগুন, নিহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে নিহত হয়েছেন অন্তত ৫২ জন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোরে ওই ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।

শহরের জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র রবার্ট মুলুদজি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবনটিতে তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এখনো পর্যন্ত পাঁচ তলা ওই ভবনে এমন ভয়াবহ আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলে জানিয়েছে এই কর্মকর্তা। উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই ভবনের আগুন প্রায় নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে ঝলসে যাওয়া সেই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যাচ্ছে।

ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, ভবনের আশপাশে দাঁড়িয়ে আছে ফায়ার সার্ভিসের অসংখ্য গাড়ি। প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্সও। এছাড়া ভবনটি পুলিশ ঘিরে রেখেছিল।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস লাইভ জানিয়েছে, জোহানেসবার্গে গত কয়েক মাসে ‘কোনো পুরোনো ভবনে’ অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি। এঘটনায় নিহত ও আহত ছাড়াও ভবনটির অন্য বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *