মনোনয়নপত্র জমা দিলেন সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ (মাগুরা সদর-শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এছাড়া মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরেন শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এসময় তাদের সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু , সহ-সভাপতি আবু নাসির বাবলুসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণার পর গাড়িবহর নিয়ে শোডাউন করায় ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় তাকে মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এবিষয়ে আজ বৃহস্পতিবার ওই কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার শোকজ নোটিশ জারি করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

নোটিশের চিঠিতে বলা হয়, ‘আপনি সাকিব আল হাসান, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরা আগমনের সময় পথিমধ্যে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন; নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন, যা বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।’
সাকিব আল হাসানকে শোকজ করল নির্বাচন কমিশন
এর মাধ্যমে সাকিব ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন’ উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘ওই আইনভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর বিকেল ৩টায় সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

অন্যদিকে বিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. এনামুর রহমানকে এবং নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীরকেও শোকজ করা হয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি ১ ডিসেম্বর সকাল ১০টায় তাদেরকে জবাব দিতে বলেছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *