গৌরনদীতে নিখোঁজের ১০ দিন পর শিশু কন্যার লাশ উদ্ধার

পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া তাসলিমা আক্তার মাহি (১০) উপজেলার বাটাজোর দক্ষিণ পশ্চিম পাড়া গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ছিলো।

মঙ্গলবার সকালে একই গ্রামের হেলাল সরদারের স্ত্রী কাজল আক্তার তাদের বাড়ির পাশের পুকুরে লাশ ভাসতে দেখলে পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।

নিহতের বাবা সবুজ সরদার জানান, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মাহি। অনেক খোঁজাখুঁজি করেও নিখোঁজ সন্ধান না পেয়ে গত ১৬ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর মঙ্গলবার প্রতিবেশী হেলাল সরদারের পুকুরে ভাসমান অবস্থায় মাহির লাশ পাওয়া যায়।

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *