
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সিংজুরী ইউনিয়নের কে বি এম উচ্চ বিদ্যালয় হল রুমে সিংজুরী ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের ২নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিট অফিসার এসআই মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী।
সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আসাদুর রহমান মিঠুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, কে.বি.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার শীল, সিনিয়র শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিক আল মামুন প্রমূখ।
সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ঘিওর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন- পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন- ঘিওর নগরী গড়ে তুলতে আমাদের চেষ্টার কোন ত্রুটি নেই। এখন শুধু প্রয়োজন আপনাদের সচেতনতা এবং স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে একটি রোল মডেল ঘিওর থানা গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকার ও পুলিশের আইজিপি পুলিশ-জনগণ সম্পর্ক আরো দৃঢ় করতে এবং পুলিশি সেবা জনগণের হাতের মুঠোয় পৌঁছিয়ে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। আমার থানা পুলিশ আপনাদেরকে যেকোন ধরণের সেবা দিতে সদা প্রস্তুত আছে। আপনারা আসুন এবং সেবা নিন।