ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা

ফরিদপুরের ভাঙ্গায় এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা মেখে দিয়েছেন বিক্ষুব্ধরা। উপজেলার মালিগ্রাম বাজারসংলগ্ন একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানান- গত ১০ই ফেব্রুয়ারি সোমবার রাতে স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির (নাজরানা বিভাগ) এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক আনোয়ার শেখ। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে চুল কেটে দেন এবং মুখে আলকাতরা মেখে দেন।

ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান দৈনিক নববার্তাকে জানান, ছাত্র ও শিক্ষকের কাছে জিজ্ঞাসা করে ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিবর্গের কাছে ক্ষমা চাইলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান দৈনিক নববার্তাকে বলেন- ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *