ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম সাংবাদিকদের প্রশ্নে হুঁশিয়ারি দেন।
জেলা প্রশাসক বলেন, অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাস্তায় যাতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা না হয় সেদিকে নজর দিতে হবে। অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।
এর আগে, এদিন দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রসঙ্গত, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে যান। তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌরশহর ভিন্নরূপে দেখা যায়। নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে ৪ ঘণ্টার এ সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তোলে।