টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন কর্মশালা পণ্ড

রবিন তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি :  সাংবাদিকদের দু’পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় টাঙ্গাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালাটির উদ্বোধন হওয়ার কথা ছিল।

এতে জেলার ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণের কথা ছিল। জানা গেছে, পিআইবি দেশের বিভিন্ন জেলায় নির্বাচনকালীন সাংবাদিকদের জন্য ধারাবাহিকভাবে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলে এই কর্মশালার আয়োজন করা হয়। তবে কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের তালিকা নিয়ে বিরোধ দেখা দেয়।

টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে ৫০ জনের একটি তালিকা পাঠানো হয় পিআইবিতে। অপরদিকে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন যৌথভাবে পৃথক আরেকটি তালিকা পাঠায়। দুই পক্ষের পাঠানো তালিকা সমন্বয় করে চূড়ান্ত তালিকা তৈরিতে মতবিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পিআইবি কর্তৃপক্ষ সমঝোতার চেষ্টা করলেও কোনো পক্ষই ছাড় না দেওয়ায় বিষয়টির সমাধান হয়নি। শেষ পর্যন্ত তালিকা নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় পিআইবি কর্তৃপক্ষ কর্মশালা বাতিলের সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের নিয়ে আয়োজিত কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত সাংবাদিকরা অংশ নেন।

সমাপনী বক্তব্যে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম বলেন, প্রেস কাউন্সিলের কাছে কোনো সংগঠনের চেয়ে সাংবাদিকই বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সাংবাদিকদের নিয়েই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *