ডেস্ক রিপোর্ট : কানাইঘাট–জকিগঞ্জ (সিলেট-৫) আসন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার সামীরা তানজীন চৌধুরী। ব্যারিস্টার সামীরা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত হারিছ চৌধুরীর কন্যা।
ব্যারিস্টার সামীরা তানজীন চৌধুরী বলেন,বাংলা নববর্ষ আমাদের বাঙালির প্রাণের উৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশের এই দিনে গত বছরের সব জরা ও গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও সমৃদ্ধি। নতুন বছরে সিলেট-৫ হবে একটি স্মার্ট ও আধুনিক জনপদ, এটাই আমার অঙ্গীকার।
তিনি আরও বলেন,আমার বাবা দল ও দেশপ্রেমিক এবং ’৭১- এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বিএনপি তথা দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। এলাকায় প্রচুর রাস্তা-ঘাট-ব্রিজ, স্কুল-কলেজ নির্মাণ করেছেন। তার সময়ে তার এলাকার এমন কোনো মসজিদ নেই, যেটা সরকারি বরাদ্দ পায়নি। তার আরও উন্নয়ন পরিকল্পনা ছিল। ১/১১ সরকার ও পরে আওয়ামী লীগ সরকারের সময়ে বাবা রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি। সেই সময়ে আমাদের এলাকা অত্যন্ত বঞ্চিত ছিল। তখন তিনি আড়ালে থেকেও নীরবে দানকার্য চালিয়ে গেছেন।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চাইনি, কিন্তু একটি সেবামূলক ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে বাবার কাজের ধারা ধরে রাখতে চেষ্টা করেছি। নির্বাচনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করেছি। সংরক্ষিত নারী আসনে দলের প্রতিনিধিত্বের দায়িত্ব পেলে আব্বুর করে রেখে যাওয়া পরিকল্পনা অনুযায়ী এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, নারী ক্ষমতায়ন, আইনের শাসন ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিয়ে কাজ করব।’