বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জে আগাম বন্যার আগে বৃষ্টিতেই তলিয়ে গেছে হাওরের ধান। জেলার ১৩৭ হাওরের অধিকাংশতেই এ অবস্থা বলে জানা গেছে। সুনামগঞ্জের দেখার হাওর, করচার হাওর, মাটিয়ান হাওর, ভরাম হাওরসহ জেলার অধিকাংশ হাওরে খোঁজ নিয়ে জানা যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় কৃষকের স্বপ্নের সোনালী ফসল তলিয়ে গেছে।

তবে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার পাঁচশ ১১ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হলেও ইতিমধ্যে হাওরের ৪৪ শতাংশ ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। সাত হাজার হেক্টর ধান তলিয়ে গেলেও তিন হাজার হেক্টর ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

তবে স্থানীয় কৃষক কিংবা কৃষক সংগঠনের দাবি ইতিমধ্যে জেলায় ২০ হাজার হেক্টর ধান পানির নিচে তলিয়ে গেছে।

সরজমিনে সুনামগঞ্জের দেখার হাওর ও শেয়ালমারা হাওরে গিয়ে দেখা যায়, গত দুদিন আগেও আনন্দের সঙ্গে ধান কাটায় ব্যস্ত সময় পার করছিলেন কৃষকরা সেখানেই এখন বৃষ্টিতে ধান হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা। পাশাপাশি হাওরে শ্রমিক সংকটে অনেকেই ধান কাটতে না পেরে চোখের সামনেই স্বপ্নের ফসল তলিয়ে যেতে দেখছেন। আবার অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে কমর পানিতে নেমে ধান কাটার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আরও দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এতে জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে কৃষকদের শতভাগ ধান ঘরে তোলা সম্ভব নাও হতে পারে। তবে ফসল রক্ষা বাঁধে নজরদারি রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *