
ডেস্ক রিপোর্ট : ঢাকার একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও ৩০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক এক আসামিকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামির নাম মিজানুর রহমান (৫২)। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর থানার ব্রাহ্মণগাঁও গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন সুরমা গেট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯, সদর কোম্পানি (সিলেট) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চেক জালিয়াতি মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামি সুরমা গেট এলাকায় অবস্থান করছে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে র্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে ঢাকার এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় একটি মামলা (সিআর-১৪৮/২১, দায়রা নং-১৯৯৬৯/২২) ছিল। ওই মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩০ লক্ষ টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন। মামলার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের ধরতে র্যাবের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।