নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :সিলেটের গোয়াইনঘাটে নাতনিকে অপহরণচেষ্টায় বাধা দেওয়ায় দাদি দিলারা বেগমকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি হারুন রশিদকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানার সারীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ৯ জানায়, নিহত দিলারা বেগম গোয়াইনঘাট থানার নয়াপাড়া এলাকার বাসিন্দা। তার ছেলের সাথে অভিযুক্ত হারুন রশিদের ওমানে থাকাকালীন আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। দেশে ফেরার পর থেকেই হারুন ওই পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও ঝগড়া করে আসছিল।

​এরই ধারাবাহিকতায়, গত ১৬ মে রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হারুন ও তার সহযোগীরা ভিকটিমের বাড়িতে জোরপূর্বক ঢুকে তার নাতনিকে অপহরণের চেষ্টা করে। এসময় দাদি দিলারা বেগম বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নাতনির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পুত্রবধূ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করলে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ১৬ মে সন্ধ্যা ৭টার দিকে জৈন্তাপুরের সারীঘাট দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি হারুন রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে নয়াপাড়া এলাকার তাজ উদ্দিনের ছেলে।

​র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *