
ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, দৈনিক অবজারভারের সম্পাদক এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট’।
আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন জ্যেষ্ঠ সাংবাদিককে নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা অত্যন্ত দুঃখজনক, নজিরবিহীন এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। এ ধরনের ঘটনা মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
উল্লেখ্য, আজ বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজ কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
বিবৃতির শেষাংশে সাংবাদিক নেতারা স্পষ্ট ভাষায় বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মূল দায়িত্ব। অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।