দ্বিতীয় স্ত্রীর মামলায় চেয়ারম্যান বাবুর জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলায় জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগী রেজাউল করিমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে তারা দুজনেই জেলহাজতে রয়েছেন। শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি প্রদানের অভিযোগ এনে মামলাটি করা হয়।

বুধবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ এ আদেশ দেন।জেলহাজতে থাকা বাবু চেয়ারম্যান সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডেরও প্রধান আসামি। এ হত্যাকাণ্ডের ঘটনায় ১৭ জুন গ্রেফতার হয়ে তিনি জেলহাজতে রয়েছেন। একই সঙ্গে জেলহাজতে রয়েছেন তার সহযোগী রেজাউল করিমও।

জানা গেছে, বরখাস্ত হওয়া বাবু চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী গত ১১ মে বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া বাবু চেয়ারম্যান ও তার সহযোগী রেজাউলকে বাবুর দ্বিতীয় স্ত্রীর দায়ের করা মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করেন বিচারক। এর আগেও সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা বাবু ও সহযোগী রেজাউলের জামিন চাওয়া হলে নামঞ্জুর করেন আদালত।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *