ইংল্যান্ডকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার দাপুটে জয়

বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। অধিনায়কের সিদ্ধান্ত শুরুতেই ভুল প্রমাণ করেন টপ অর্ডার ব্যাটাররা। এরপর মিডল অর্ডারে বেন স্টোকস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। তবে যোগ্য সঙ্গীর অভাবে ম্যাচের চিত্রনাট্য বদলাতে পারেননি। শেষ পর্যন্ত কোনোরকমে দেড়শ রান তুলতে পেরেছে তারা। ছোট পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। শেষ পর্যন্ত সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে। শ্রীলঙ্কার হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার লাহিরু কুমারা। জবাবে খেলতে নেমে ২৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেছেন পাথুম নিশাঙ্কা।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৪ রান করে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন কুশল পেরেরা। তিনে নেমে সুবিধা করতে পারেননি কুশল মেন্ডিস। এই ইনফর্ম ব্যাটার সাজঘরে ফিরেছেন ১১ রান করে। ২৩ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা হলেও চাপে পড়েছিল শ্রীলঙ্কা।

তবে তৃতীয় উইকেট জুটিতে সাদিরা সামারাবিক্রমা ও পাথুম নিশাঙ্কার ব্যাটে ঘুরে দাড়ায় শ্রীলঙ্কা। এই দুইজনই হাফ সেঞ্চুরি তোলে নিয়েছেন। শেষ পর্যন্ত তারা অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। নিশাঙ্কা অপরাজিত থেকেছেন ৭৭ রান করে। আর সামারাবিক্রমা ৬৫ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।

এর আগে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান দেখে-শুনে শুরু করেছিলেন। সপ্তম ওভারে ২৮ রান করা মালানকে সাজঘরে ফিরিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনে নেমে রান আউটে কাটা পড়েছেন জো রুট। ইনফর্ম এই ব্যাটার এদিন দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন।

বেয়ারস্টো উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩০ রান। এরপর জস বাটলার, লিয়াম লিভিংস্টোনদের কেউই সুবিধা করত পারেননি। তাদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখেছিলেন স্টোকস। এই মিডল অর্ডার ব্যাটার ৪৩ রানে ফিরলে ইংল্যান্ড থামে ১৫৬ রানে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *