সিলেটে চা বাগান থেকে যুবকের হাত কাটা মরদেহ উদ্ধার

সিলেট নগরীর পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটা টিলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহত যুবকের নাম সিতেশ চন্দ গোপ (৪০)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে। মৃতদেহের একটি হাত নেই। সেটি শিয়াল খেয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।

সিলেট এয়ারপোর্ট থানার (ওসি) মঈন উদ্দিন শিপন জানান, নিহতের বড় ভাই গোপেশ চন্দ গোপ মরদেহের পরিচয় শনাক্ত করেছেন আমরা বিষয়টা খতিয়ে দেখছি।

পুলিশ জানায়- কয়েকদিন আগে সিতেশ চন্দ তার স্ত্রীকে নিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আসেন এবং সেখানে তিনি তার স্ত্রীকে ভর্তি করান। মঙ্গলবার রাতে তার একটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু রোববার (১৯ নভেম্বর) থেকে সিতেশ নিখোঁজ রয়েছেন। সোমবার তার পরিবারের পক্ষ থেকে জালালবাদ থানায় একটি জিডি করা হয়।

এদিকে, মঙ্গলবার বেলা ২টার দিকে স্থানীয়রা পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটাটিলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে এয়ারপোর্ট থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করা হয়।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *