ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঘিওরে ফসলের ব্যাপক ক্ষতি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে সরিষাসহ আগাম ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মধ্যরাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, এখনো বৃষ্টি হচ্ছে। অসময়ের বৃষ্টিতে জেলায় আগাম ফসল সরিষা, আলু, ভুট্টাসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এ ছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় খেটে খাওয়া শ্রমিকরা কাজে বের হতে পারেনি।

কৃষকরা জানান, গুড়ি গুড়ি বৃষ্টি যদি দীর্ঘ সময় চলতে থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে। এরইমধ্যে আগাম সরিষার আবাদে অনেক ক্ষতি হয়েছে। সরিষার জমিগুলো বৃষ্টি ও বাতাসের কারণে গাছ নুয়ে পড়েছে। ফুল ও ফল নষ্ট হয়ে যাচ্ছে।

চরবাইলজুরী গ্রামের সরিষা চাষি মোঃ মিজানুর রহমান জানান, রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। সকালে সরিষার জমিতে আসি। জমিটা আগাম আবাদ করা হয়েছিল। গুড়ি গুড়ি বৃষ্টি দীর্ঘক্ষণ থাকায় গাছগুলো নুয়ে পড়েছে। ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এতে আমার বেশ ক্ষতি হবে।

পয়লা গ্রামের অপর কৃষক রফিক জানান, দীর্ঘ সময় বৃষ্টি হলে যেসব সরিষা গাছে ফুল ও ফল এসেছে। সেগুলো নষ্ট হয়ে যাবে।

বেগুন নারচী গ্রামের রতন মিয়া জানান, তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় সকালেই সব জমির গাছ লুটে পড়েছে। ভালো ফল না পেলে ঋণ পরিশোধ করা অনেক কষ্টকর হবে।

এ বিষয়ে ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, অতি বৃষ্টির কারণে আগাম সরিষার কিছুটা ক্ষতি হবে। এছাড়াও নিচু আলুর জমিতে পানি জমে গেলে আলু নষ্ট হয়ে যাবে। ঝড়ো বাতাস হলে ভুট্টা গাছ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *