মানিকগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

মানিকগঞ্জের শিবালয়ে বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় বোয়ালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে থানার ওসি ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সমেসঘর গ্রামের সাব্বিরের স্ত্রী সাবিনা আক্তর (২৫), তেওতা গ্রামের ইকবালের স্ত্রী বিথী আক্তার (৩০), ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী কলি বেগম (৩০)। স্থানীয়রা জানিয়েছেন- বাসটি মানিকগঞ্জের তারাশিমা গার্মেন্টেসের শ্রমিকদের নিয়ে কারখানায় যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম জানান, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটির সামনের অংশসহ এক পাশ পুরো দুমড়েমুচড়ে গেছে। ট্রাকটি পাশের খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন দুজন। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস, পুলিশ ও হতাহতদের উদ্ধার করা হয়।

শিবালয় থানার ওসি এ আর আল মামুন বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, এ পর্যন্ত এই ঘটনায় ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *