খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উন্নতি

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন এসব তথ্য জানান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে গণমাধ্যমকে জানান, চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে আছেন তিনি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।

গতকাল রবিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

সর্বশেষ গত ১৫ অক্টোবর এক দিনের জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। সে সময়ও তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *