পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৩৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজাউর জেলায় রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের স্থানীয় নেতাসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সরকারি কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য দেন।

নিহতদের মধ্যে জেইউআই-এফ দলের তহসিল খারের আমির জিয়াউল্লাহ জানও রয়েছেন। এক সরকারি কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্ফোরণে ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি আরও জানান, আহতদের তিমরগাড়া ও পেশোয়ারে স্থানান্তর করা হচ্ছে।

আহতদের মধ্যে একজন জিও নিউজের ক্যামেরাম্যান সামিউল্লাহ রয়েছে এবং তাকে লোয়ার দিরের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারণ তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সমাবেশের ভিতরে বোমা বিস্ফোরণটি ঘটেছে বলে জানা গেছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে। পুলিশ এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি।

সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *